আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৪ দিন পর শিক্ষার্থীর মৃত্যু

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ আফিকুল ইসলাম সাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সাদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম গ্রামের শফিকুল ইসলামের বড় ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, সাদ শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। ৫ আগস্ট সকালে আন্দোলনে অংশ নিয়ে ধামরাই হার্ডিজ্ঞ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। চার দিন আইসিইউতে থাকার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বৃহস্পতিবার সাদের মরদেহ নিয়ে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত। এরপর নিজ গ্রাম দড়গ্রামে বাদ মাগরিব তৃতীয় জানাজা শেষে সাদকে দাফন করা হয়।