আগামীকাল শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টদের পদত্যাগের সময় বেধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় নিজের ফেসবুক পোস্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ।
এ সময় তিনি বলেন, যাদের ছত্রছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে, বোনদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং যারা সকল সাধারণ শিক্ষার্থীদের তাড়িয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের আবাসিক হলে আশ্রয় দিয়েছে, সেই সকল প্রশাসনিক কর্মকর্তা তথা ভিসি, প্রোভিসি, প্রক্টরিয়াল বডি ও সমস্ত হলের প্রভোস্টদের আগামীকাল (৯ আগস্ট) দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হলো।
তিনি আরও বলেন, দুপুর ১২টার মধ্যে যদি তারা পদত্যাগ না করেন তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিয়ে কঠোর অবস্থান কর্মসূচি পালন করব।