অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান যোগ দিতে বঙ্গবভনে প্রবেশ করতে পারেনি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বঙ্গবভনের প্রধান ফটকে মাহি বি. চৌধুরীর গাড়ি দেখেই ‘ভুয়া-ভুয়া’ স্লোগানে তিরস্কার করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, আজ রাত ৮টা ৪০ মিনিটের দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের বাইরের গেটে আসেন তিনি। গাড়িতে মাহি বি. চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে দাঁড়ানো বিএনপির নেতাকর্মীরা। তারা মাহীর গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন। এসময় গাড়ির ভেতর থেকে মাহী বি চৌধুরীকে হাতজোড় করে মাফ চাইতে দেখা যায়।
তবে বিকল্পধারার মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মাহি বি. চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক নেতা বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। একসময় মাহি বিএনপির এমপি ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু মনোনয়ন বাতিল হয়।