বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি

বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লিয়াজোঁ কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটি অন্তর্র্বর্তীকালীন সরকারকে পরামর্শদান এবং সরকার, অংশীজন এবং ছাত্র-জনতার সঙ্গে সমন্বয় করবে। লিয়াজোঁ কমিটির পরামর্শে অন্তর্র্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নির্বাচন করা হয়েছে। বর্তমানে এ কমিটিতে ছয়জন আছেন, আগামীতে এটি বর্ধিত হবে এবং এর কার্যক্রমের পরিধিও বাড়ানো হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এসব কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট অন্তর্র্বর্তীকালীন সরকারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছিল। লিয়াজোঁ কমিটিই কাজটি (অন্তর্র্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বাছাই) করেছিল। লিয়াজোঁ কমিটির আনুষ্ঠানিক ঘোষণার জন্যই তাদের এই সংবাদ সম্মেলন।

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন ছাত্র-জনতার সরকারের রূপরেখা, অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে মাহফুজ আলমকে সমন্বিত করে লিয়াজোঁ কমিটি ঘোষিত হয়। এ কমিটিতে ছয়জন আছেন। আগামীতে এটি বর্ধিত হবে এবং এর কার্যক্রমের পরিধিও বাড়ানো হবে।

লিয়াজোঁ কমিটির ছয় সদস্য হলেন সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ, সদস্য নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আবদুল্লাহ), আকরাম হুসাইন, ভূঁইয়া আসাদুজ্জামান, মামুন আবদুল্লাহিল, আরিফুল ইসলাম আদীব। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

লিয়াজোঁ কমিটি উচ্চঅংশীজনের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের কাছে অন্তর্র্বর্তীকালীন সরকারের অংশীজনের নাম প্রস্তাব করেন জানিয়ে নাহিদ বলেন, ‘৬ তারিখে লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম এবং সদস্য নাসির উদ্দিন পাটোয়ারী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ছাত্র-শিক্ষক প্রতিনিধি ১৫ জনের টিমে অন্তর্ভুক্ত ছিলেন।’