অরাজকতা ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

দেশ জুড়ে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সব বাহিনী প্রধানদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের বৈঠক হয়েছে। সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে নৌ ও বিমানবাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন।

বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।