গাজীপুর জেলা কারাগারে বন্দি বিক্ষোভ, গুলিতে আহত ২৯

গাজীপুরে জেলা কারাগারে মুক্তির দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বন্দিরা। এ সময় কারারক্ষীদের রাবার বুলেটে ২৫ বন্দি এবং বন্দিদের হামলায় চারজন কারারক্ষীসহ ২৯ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

গত কয়েক দিন দেশের বিভিন্ন কারাগারে বন্দি বিক্ষোভের খবর পায় গাজীপুর জেলা কারাগারের বন্দিরা। ছাত্র আন্দোলন ও রাজনৈতিক মামলার   গ্রেপ্তার ও আটককৃতদের মুক্তি দিলে অন্য বন্দিরাও মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।

কারাগার সূত্রে জানা যায়, গাজীপুর জেলা কারাগারে বিভিন্ন মামলায় ৭৮৯জন বন্দির রয়েছেন। গতকাল বেলা পৌনে ১২টার দিকে কিছু বন্দি কারাগারের অভ্যন্তরে থাকা কারারক্ষীদের জিম্মি করেন। তারা নিজেদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে আসবাবে আগুন ধরিয়ে দেয়। উত্তেজনা বাড়লে কারারক্ষী ও বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কারারক্ষীরা গুলি ছোড়ে। পরে সেনাবাহিনীর সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম বলেন, পালানো ঠেকাতে গুলি করে নিরাপত্তা রক্ষীরা।

এদিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ আগস্ট বিকেলে মঙ্গলবার কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।