অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্টলেডি ইমিনে এরদোগান। তিনি বলেন, সম্মানীত প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উত্তম শুভ কামনা জানাই।
বৃহস্পতিবার এক্সে দেয়া এক বিবৃতিতে ইমিনে এরদোগান বলেন, সম্মানীত প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উত্তম শুভ কামনা জানাই। তিনি জাতিসংঘের এডভাইজরি বোর্ড অব ইমিনেন্ট পারসন অন জিরো ওয়েস্টের একজন সদস্য, এই বোর্ডের আমি চেয়ার। তিনি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এ জন্য তাকে অভিনন্দন জানাই।
উল্লেখ্য, ছাত্র–জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরে শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বৃহস্পতিবার রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন।