অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাবার নাম মো. বিল্লাল হোসেন। আসিফ মাহমুদের স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।
অন্তবর্তীকালিন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন এই উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া বাংলাদেশে ক্রিকেট বোর্ডও তাকে এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছে।