ছাত্র-গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। এই আন্দোলন ঘিরে সারাদেশে হামলা-লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ছড়িয়েছে অনেক রকম গুজব। এর মাঝে ভারতের কিছু গণমাধ্যমে দাবি করা হয়, জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। খবরটি যে মিথ্যা, সেটা এবার নিজেই নিশ্চিত করলেন লিটন।
আজ শুক্রবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’
লিটন আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে। কারণ দেশটা আমাদের সবার।’