বিশ্ব রেকর্ড গড়ে সেরা ম্যাকলাফলিন–লেভরোন

প্যারিস অলিম্পিকে বৃহস্পতিবার রাতে স্তাদে দি ফ্রান্সের ট্র্যাকে ঝড় তোলেন সিডনি ম্যাকলাফলিন–লেভরোন। নারীদের ৪০০ মিটার হার্ডলসে মাত্র ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের এ অ্যাথলেট তিনি। তার স্বদেশি আনা ককরেল রুপা পান ৫১.৮৭ সেকেন্ড টাইমিং করে। ব্রোঞ্জ ওঠে নেদারল্যান্ডসের ফেমকে বোলের গলায় (৫২.১৫ সেকেন্ড)।

এই নিয়ে ষষ্ঠবারের মতো এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েন ম্যাকলাফলিন–লেভরোন। আগের কীর্তিটি তিনি করেন গত জুনে। যুক্তরাষ্ট্র দলের ট্রায়ালে ৫০.৬৫ সেকেন্ড টাইমিং ছিল তার। ম্যাকলাফলিন–লেভরোনের আগে ইতিহাসের আর কোনো নারী অ্যাথলেটই পারেননি ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে ৪০০ মিটার হার্ডলস শেষ করতে।

২০২১ সালে টোকিওতে অনুষ্ঠিত সবশেষ অলিম্পিকেও বিশ্ব রেকর্ড গড়েছিলেন ম্যাকলাফলিন–লেভরোন। যুক্তরাষ্ট্র দলের ট্রায়ালে ৫২ সেকেন্ডের কম টাইমিং করে আলোড়ন তোলার পর অলিম্পিকের ফাইনালেও তিনি ছিলেন দুর্দান্ত। ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে জেতেন সোনার পদক।