গত কয়েকদিনে দেশের আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফেরাতেই অন্তবর্তী সরকার অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, অন্তবর্তীকালীন সরকার প্রথমত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চেষ্টা করবে। দ্বিতীয়ত আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে আত্মবিশ্বাস ফেরানো, যেটি চরমভাবে কমে গেছে বলে আমি মনে করি।
তিনি বলেন, গত কয়েকদিনে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় প্রশাসন খুবই উদ্বিগ্ন। তবে কিছু বিষয় সামান্য অতিরঞ্জিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কোটা সংস্কার আন্দোলনের ফলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সোমবার দেশত্যাগ করেন শেখ হাসিনা। দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেন। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস হয়েছেন এ সরকারের প্রধান উপদেষ্টা।