অজ্ঞাত অবস্থায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন হানিফের

অজ্ঞাত অবস্থায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। একই সঙ্গে তিনি দেশব্যাপী চালানো তাণ্ডব বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের নিজের নামের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানান তিনি। তবে, ফেসবুক আইডিটি সত্যিই তার কি না তা নিশ্চিত করা যায়নি। আইডিটিতে এক লাখ ৪৫ হাজার ফলোয়ার রয়েছে।

ওই পোস্টে তিনি লেখেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন রইলো। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

Capture

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারত চলে যান টানা চার বারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।