৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় দানি ওলমো

বার্সেলোনার ফুটবল শেখার শিক্ষাপ্রতিষ্ঠান লা মাসিয়ায় সাত বছর প্রশিক্ষণ নিয়েছিলেন দানি ওলমো। তবে বার্সার জার্সিতে সিনিয়র দলে খেলা হয়নি তার। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

জার্মান ক্লাব লাইপজিগ থেকে ৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনকে চ্যাম্পিয়ন বানানোর অন্যতম কারিগর ওলমোর দাম ধরা হয়েছে ৬০ মিলিয়ন ইউরোর বেশি।

২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে চুক্তির বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে বার্সা। সভাপতি হুয়ান লাপোর্তার থেকে জার্সিও বুঝে পেয়েছেন ওলমো। তবে জার্সিতে ছিল না কোন নম্বর।

নিজের পুরোনো ঠিকানায় ফিরতে পারার অনুভূতি জানিয়ে ওলমো বলেন, ‘আমি খুব খুশি, খুশি যে নিজের ঘরে ফিরতে পেরেছি।’

২০০৭ সালে এস্পানিওল থেকে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন ওলমো। যুব পর্যায়ে সেখানে কাটান সাত বছর। সেখান থেকে ২০১৪ সালে পাড়ি জমান ডায়নামো জাগরেবে। সেখান থেকে লাইপজিগ হয়ে এখন এলেন বার্সায়।

ওলমোর ২০২৩-২৪ মৌসুমটা কেটেছে ইনজুরি জর্জর। তবু লাইপগিজের হয়ে মৌসুমে ২৫ ম্যাচে ১৩ গোলে অবদান রেখেছেন দলে।

১৭ আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে নামবে বার্সা। সেদিনই হয়তো বার্সায় অভিষেক হবে ওলমোর।