কুমিল্লার দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। গত বৃহস্পতিবার দাউদকান্দি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার অস্ত্রগুলো হলো তিনটি রাইফেল, দুটি শটগান। আনসার-ভিডিপি কুমিল্লার উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানা এলাকায় আনসার-ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের সহায়তায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হচ্ছে। যা পরে পুলিশ লাইনস কুমিল্লায় জমা করা হবে।
তিনি বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। আমাদের লোকজন দিয়ে মাইকিং করিয়েছি। কারও কাছে অস্ত্র থাকলে তিনি স্বেচ্ছায় জমা দিয়ে যেতে পারেন, কিংবা কারও কাছে কোনো তথ্য থাকলে সে বিষয়ে আমাদের জানাতে পারেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর দাউদকান্দি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।