বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ। কোটা আন্দোলন এবং সরকার পতন আন্দোলনের সামনের সারির এই সমন্বয়ককে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনের অনেক আশা। জাতীয় দলের বাইরে থাকা অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও জানালেন নিজের প্রত্যাশার কথা।
সোশ্যাল মিডিয়ায় সাইফউদ্দিন লিখেছেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান, আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে, সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উদ্ধৃতি টেনে সাইফউদ্দিন আরও লিখেছেন, ‘দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আম। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছিলেন গত পরশুদিন সম্ভবত; পুরানদের দিয়ে আর কিছু হবে না। কারণ, তাদের চিন্তা ভাবনা পুরনো।’