প্যারিস অলিম্পিকে মেয়েদের ৫০ কেজি বিভাগের রেসলিংয়ে ফাইনাল থেকে বাদ পড়েছিলেন ভারতের বিনেশ ফোগাট। তার ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় ফাইনাল থেকে ডিসকোয়ালিফায়েড হয়ে যান। বিষয়টি নিয়ে ভারতের ক্রীড়াঙ্গনে শুরু হয় ক্ষোভ। এরপর রূপার দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেন বিনেশ। তিন ঘণ্টা ধরে তার শুনানি হয়েছে।
অলিম্পিকের নিয়মানুযায়ী, বিনেশের রূপা পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলেও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আশা ছাড়তে নারাজ। গতকাল শুক্রবার তিন ঘণ্টা ধরে বিনেশের মামলা শোনেন ক্রীড়া আদালতের বিচারক অ্যানাবেল বেনেট। ফ্রান্সের চারজন আইনজীবী বিনেশের হয়ে লড়েছেন। তাছাড়া ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনর হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া অনলাইনে যোগ দেন শুনানিতে।
আদালতে তারা প্রমাণ করার চেষ্টা করেন যে, বিনেশ বেআইনি কিছু করেননি। কোনো অসৎ উপায় অবলম্বন করেননি। যোগ্য হিসাবেই সেমিফাইনালে উঠেছিলেন। তাহলে কেন তাকে রূপা দেওয়া হবে না? শুনানির পর সিঙ্ঘানিয়া সংবাদমাধ্যমে বলেন, ‘আন্তর্জাতিক ক্রীড়া আদালত দ্রতই সিদ্ধান্ত ঘোষণা করবে। শুনানিতে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে, বিনেশকে রূপা দেওয়া উচিত।’
বিনেশের আইনজীবীরা দাবি করেছেন, শরীরের স্বাভাবিক ক্রিয়ায় ফলেই ১০০ গ্রাম ওজন বেড়েছিল। সব অ্যাথলেটই নিজের শরীরের খেয়াল রাখেন, যত্ন নেন। খেলার প্রথম দিন বিনেশের ওজন ৫০ কেজির নীচেই ছিল। পরেরদিন শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার কারণে ওজন বাড়ে। এতে কোনো অনিয়ম হওয়ার সুযোগই নেই। এদিকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আশাবাদী, রায় তাদের পক্ষে যাবে।