পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতির

শিক্ষার্থীদের আল্টিমেটামের জেরে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

এর আগে বিচারপতির পদত্যাগ দাবিতে আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে কয়েক শ আন্দোলনকারী অবস্থান নেন। 

দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে জানান, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগ দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে।

ওই পোস্টে আসিফ মাহমুদ জানান, ‘ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতিসহ অ্যাপিলেড ডিভিশনের সাতজন বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা। জেলা জজকোর্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের সবার প্রতি আহ্বান, কোনো জেলায় জজকোর্টের দিকে অবস্থান নেবেন না।’