মধ্যপ্রাচ্যের দেশ ইরানে একদিনে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে একটি কারাগারেই ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো হয়। স্থানীয় সময় গত বুধবার সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানায়, গত বুধবার (৭ আগস্ট) তাদের ফাঁসি কার্যকর করা হয়। খুন, মাদক ও ধর্ষণের অপরাধে আসামিদের এ শাস্তি দেওয়া হয়। এদের মধ্যে ২৬ জনকে তেহরানের বাইরে খারাজের গেজেলহেসার কারাগারে এবং তিনজনকে কারাজ শহর কারাগারে ফাঁসিতে ঝোলানো হয়। দণ্ড কার্যকর হওয়াদের মধ্যে দুজন আফগানিস্তানের নাগরিক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরান ২০২৩ সালে ৮৫৩টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সংখ্যাটি আট বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৩ সালে ৬৪ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মাদক-সম্পর্কিত অপরাধ, ডাকাতি ও গুপ্তচরবৃত্তিসহ আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডের ওয়ারেন্ট নয় এমন অপরাধের জন্য।
এদিকে গত সপ্তাহে তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েলি হত্যার অভিযোগের পর থেকে ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এ জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।