ইউরো আর কোপার শিরোপাজয়ী দলকে নিয়ে ১৯৮৫ সালে প্রথমবার আয়োজিত হয়েছিল ফিনালিসসিমা। পরেরটি আয়োজিত হয় ১৯৯৩ সালে। অনিয়মিত এই প্রতিযোগিতাটিতে এরপর লম্বা বিরতি নামে। ১৯ বছর পর ২০২২ সালে সেটা আবার আয়োজিত হয়। ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ২০২৫ সালে আবার আয়োজনের কথা ম্যাচটির। যেখানে স্পেনের প্রতিপক্ষ স্পেন।
কিন্তু সেই ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর্জেন্টাইন সংবাদকর্মী গাস্তন এদুল এই তথ্য নিশ্চিত করেছেন।
এদুলের দাবি, এখন পর্যন্ত ফিনালিসসিমা কবে আয়োজিত হবে, তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, ক্রীড়াসূচিতে এখনো উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাইপর্ব এবং উয়েফা নেশনস লিগের ঠাসা সূচি ফিনালিসিমার আয়োজনকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে।
সামনের দিনগুলোয় আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ব্যস্ত থাকবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে এবং স্পেনের সামনে আছে উয়েফা নেশনস লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ফলে ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে ফিনালিসিমা আয়োজনের জন্য ফাঁকা দিন পাওয়ার সুযোগ খুব কম।
অনিশ্চয়তা থাকার পরও অবশ্য আশা হারাতে চান না ফুটবলপ্রেমীরা। এ ক্ষেত্রে আশাবাদী করে তুলতে পারে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের একটি খবর। তারা জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন চায়, ম্যাচটি বুয়েনস এইরেসে রিভার প্লেটের মাঠ এল মনুমেন্তালে আয়োজন করা হোক। রিভাল প্লেটেরও নাকি তেমনটাই চাওয়া। এখন শেষ পর্যন্ত শঙ্কা তাড়িয়ে এই ম্যাচ মাঠে গড়ায় কি না, সেটাই দেখার অপেক্ষা।
২০২২ সালে উয়েফা এবং কনমেবলের পারস্পরিক সম্পর্ক ও সম্মতির ভিত্তিতে নতুন করে চালু করা হয় ফিনালিসিমার রোমাঞ্চকর এই ম্যাচটি। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার খেলা হওয়ায় এই ম্যাচ নিয়ে আকর্ষণও ছিল বেশ। দুই বছর আগের সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।