লুটপাট, অগ্নিসংযোগ ও দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার ও শোকজ করা হয়েছে।
আজ শনিবার (১০ আগস্ট) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগে জেলার পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, বিএনপি কর্মী নাসির মেম্বর, রুতাপ শেখ ও শাফায়েত হোসেন শোকজ করা হলো। তাদের কারণ দর্শানো নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।