নিহতের ঘটনা তদন্তে বিএনপি চিঠি দেবে জাতিসংঘে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহতের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও চিঠি দেবে দলটি। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘অনেকে মনে করছেন আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি না। কিন্তু ছাত্র আন্দোলনে সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে, তার তদন্তের জন্য আগেও বলেছি। গত আন্দোলনে বিজয়ের পূর্বেই সরকার বিভিন্ন বাহিনী দিয়ে যে গণহত্যা করেছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা কথা বলেছি এবং এটা নিয়ে জাতিসংঘ সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে তদন্ত চেয়ে চিঠি দেব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও চিঠি দেব। এ ছাড়া এই আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য প্রবাসে আটক ৫০ প্রবাসীকে মুক্তির জন্য ইউএইকে চিঠি দেব।’ দুয়েক দিনের মধ্যে এসব চিঠি দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল।

বক্তব্যের শুরুতে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গত পরশু সন্ধ্যায় নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সরকার শপথ নিয়েছে। আজ থেকে তারা কাজ শুরু করেছেন। এত বড় বিপ্লবের পরে কিছু কিছু সমস্যা থাকতেই পারে। যে অচলাবস্থা তৈরি হয়েছিল, সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা খুব সহজ নয়। সবাই দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করছেন। অতিদ্রুত তারা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসার জন্য কাজ শুরু করেছেন।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসসহ উপদেষ্টাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা আন্তরিকতার সঙ্গে কাজ শুরু করেছেন। এটা গোটা জাতির কাছে আশার সৃষ্টি করেছে। ইতিমধ্যে ছয়জন বিচারপতি পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতি হিসেবে একজনকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা গণতন্ত্রের জন্য একটা সুখবর। কারণ যে অবস্থা বিচার বিভাগে সৃষ্টি হয়েছিল, তা থেকে বিচার বিভাগ মুক্ত হবে বলে বিশ্বাস করি।’

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।