প্রধানমন্ত্রীর পদ থেকে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশের অন্যান্য জায়গার মতো রাজশাহীতেও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওইদিন ও তার পর সরকারি ভবনগুলো থেকে যেসব জিনিসপত্র লুটপাট করা হয়েছিল, তার কিছু কিছু ফেরত আসা শুরু করেছে। লোকজন স্বপ্রণোদিত হয়ে এসব ফেরত দিচ্ছেন, তবে তা সামান্যই। লুট করা সরকারি মালামাল ফেরত দিতে গত শুক্রবার জুমার খুতবায়ও আহ্বান জানান ইমামরা। এর বাইরে প্রতিদিনই নগরীর পাড়া-মহল্লা মাইকিং করে মালামাল ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যদিকে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গতকাল শনিবার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী।
এদিকে সরকার পতনের ডামাডোলের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ ও মালামালের আংশিক উদ্ধার করেছে র্যাব-১১। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়–য়া।
সিদ্ধিরগঞ্জ থানার উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারুদ ও মালামালের মধ্যে রয়েছে ১টি চায়না রাইফেল (বাঁটভাঙা), ১টি একনলা বন্দুক, ১টি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, ১টি সিজেট পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড সিজেট পিস্তলের গুলি, ২১টি লেড বল, ১টি গ্যাস গান, ৫টি গ্যাস সেল, ২১টি রাবার বুলেট, ৪টি সাউন্ড গ্রেনেড, ৩টি হ্যান্ডকাপ, ২টি মোটরসাইকেল এবং ১টি ডিভিআরসহ বেশ কিছু জিনিসপত্র।
ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার : শেখ হাসিনা সরকারের পতনের পর ফেনীর ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনসার ও ভিডিপির সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি