হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় খুলনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার ও শোকজ করা হয়েছে। গতকাল শনিবার খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক পত্রে এসব তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগে জেলার পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর ম-লের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এ ছাড়া দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতী দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, বিএনপিকর্মী নাসির মেম্বার, রুতাপ শেখ ও শাফায়েত হোসেন শোকজ করা হলো। তাদের কারণ দর্শানো নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।
লালমনিরহাটে ছয় যুবদল নেতা বহিষ্কার : এদিকে লালমনিরহাটে ছয় যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিকেলে লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন সদর উপজেলার হারাটি ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মুকুল, যুবদল সদস্য মহসিন খান, মহেন্দ্রনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিপন মিয়া, একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সহসভাপতি ইমরান হোসেন, ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি জোবেদ আলী ও ২ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য জুয়েল মিয়া।
এদিকে দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগে সদর উপজেলার গোকু-া ইউনিয়ন যুবদলের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান ভিপি আনিস জানান, সংগঠনের নির্দেশ অমান্য করে এসব নেতা প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের দল থেকে বহিষ্কার করা হয় এবং একটি ইউনিয়নের যুবদলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।