পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
গতকাল শনিবার রাত ১১টার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি সূত্র।
জানা গেছে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। পদত্যাগপত্র পাওয়ার পর এখন নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত রোববার পর্যন্ত শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দাপ্তরিক সফরে বিদেশে ছিলেন। সরকার পতনের এক দফায় রূপ নেওয়ার দিনই অর্থাৎ ৩ আগস্ট তিনি সরকারি সফর শেষে দেশে ফেরেন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি কর্মস্থলে যোগ দেননি। এ পরিস্থিতিতে গতকাল রাতে তিনি পদত্যাগ করেন।
করোনা আতঙ্কে ২০২০ সালের শুরুর দিকে শেয়ারবাজারে ভয়াবহ ধস নামলে লেনদেন বন্ধ করে দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের নেতৃত্বাধীন কমিশন।
এমন পরিস্থিতিতে ২০২০ সালের মে মাসে বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব নেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিএসইসির দায়িত্ব নিয়ে নতুন কমিশন টানা ৬৬ দিন বন্ধ থাকা শেয়ারবাজারে আবার লেনদেন চালু করেন ওই বছরের ৩১ মে।
শিবলী রুবাইয়াত–উল–ইসলামের বিরুদ্ধে শেয়ারবাজারে নানা অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশি রোড শো করার কারণে তিনি ব্যাপকভাবে সমালোচিত ছিলেন।