গত জুনেই তুরস্কের ক্লাব ফেনারবাখের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন হোসে মরিনহো। ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ এবার টার্কিশ সুপার লিগে তার ক্লাবের প্রথম ম্যাচেই রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে কার্ড দেখলেন।
গতকাল শনিবার টার্কিশ সুপার লিগের ম্যাচটিতে ফেনারবাখ মুখোমুখি হয়েছিল আদানা ডেমিরস্পোর। ম্যাচের ১৫তম মিনিটে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে চটে যান মরিনহো। ডাগ আউট থেকে তিনি উত্তেজিতভাবে রেফারির উদ্দেশ্যে কিছু বলতে থাকেন।
একটু পরই রেফারি আটিলা কারাওলানে এগিয়ে যান তার দিকে। দুজনের মাঝে কিছু সময় কথা কাটাকাটি হয়। এরপরই তাকে হলুদ কার্ড দেখান রেফারি। সেইসঙ্গে মরিনহোকে সতর্কও করা হয়েছে। ফুটবলপ্রেমীরা মজা করে বলছেন, শুরুতেই হলুদ কার্ড, বাকি মৌসুম তো পড়েই আছে!