তালতলী

দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি, পালাতে গিয়ে আটক দুই

বরগুনার তালতলীতে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় দুই ডাকাত সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের উপজেলা প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন বরগুনা পৌরসভার ক্রোক স্লুইস এলাকার নির্মলের ছেলে সজল ওরফে সোহাগ এবং তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের আমির খানের ছেলে মনির খান (৩৩)।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মঠখোলা এলাকার দুবাই প্রবাসী রুবেল জোমাদ্দারের বাড়ি থেকে নগদ তিন লাখ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতিতে বাধা দিলে হামলায় আহত হন রুবেলের স্ত্রী ফাতিমা বেগম ও তার ভাগ্নি আঁখি আক্তার। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে।

প্রবাসী রুবেলের স্ত্রী ফাতিমা বেগম বলেন, একসঙ্গে ৫-৭ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘরে প্রবেশ করে। এরপর নগদ তিন লাখ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ডাকাতিতে বাধা দিলে আমাদের বেধড়ক মারধর করা হয়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা বলেন, স্থানীয়রা দুই ডাকাতকে আটক করে আমাদের খবর দিয়েছে। পরে আনসার সদস্যদের মাধ্যমে আটক দুই ডাকাত সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।