চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হল থেকে পিস্তল ও গাঁজা নিয়ে বের হতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে ছাত্র ফেডারেশনের একজন কর্মী। পরে শিক্ষার্থীরা অস্ত্রসহ তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
আজ রবিবার (১১ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের সামনে থেকে একটি ফুল লোডেড পিস্তলসহ তাকে আটক করা হয়।
জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থী নিজেকে দাওদ সালমান। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। এছাড়া সে ছাত্র ফেডারেশনের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানিয়েছে। এ এফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে পিস্তলটি পাওয়া যায়। এছাড়া ওই কক্ষ থেকে সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর কিছু মার্কশীটও পাওয়া গেছে।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, আমরা পিস্তলসহ একজনকে আটক করেছি। সে হলে সার্টিফিকেট ও মার্কসিট নেওয়ার কথা বলে গার্ডকে ধাক্কা দিয়ে হলে প্রবেশ করে। হলের গার্ড জানালে আমরা সেখানে গিয়ে জিনিসপত্র চেক করার সময় লোড করা পিস্তলসহ কিছু গাঁজাও পেয়েছি।
তিনি আরও বলেন, আমরা তাকে আটক করার সময় সে আমাদের উপর হামলা করার চেষ্টা করে। আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেয়নি। আমরা পিস্তলসহ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।
আটক হওয়া ছাত্র ফেডারেশনের এই কর্মীকে পরে শিক্ষার্থীরা অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।