গাজা যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আগামী সোমবার তিনি রাশিয়া সফরে যাবেন বলে জানান মস্কোর ফিলিস্তিনি রাষ্ট্রদূত। খবর আল জাজিরার।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফালের বরাত দিয়ে জানিয়েছে, মাহমুদ আব্বাস আগামী সোমবার রাশিয়ায় আসবেন এবং মঙ্গলবার পুতিনের সাথে দেখা করবেন।
নোফাল বলেন, দুই নেতা ইসরায়েলে ৭ অক্টোবর হামলার পর থেকে গাজার বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তিনি আরও বলেন, আমাদের দেশের উপর দিয়ে একটি কঠিন পরিস্থিতি যাচ্ছে এবং রাশিয়া আমাদের কাছাকাছি একটি দেশ। তাই এসব বিষয় নিয়ে আমাদের একে অপরের সাথে পরামর্শ করতে হবে।
প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের হামলায় অন্তত ৩৯ হাজার ৭৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৯২ হাজার ২ জন। অপরদিকে হামাসের আক্রমণে প্রায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া তারা দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে রেখেছে।