ডেপুটি গভর্নর খুঁজতে তিন সদস্যের সার্চ কমিটি 

দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুঁজতে ৩ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত সার্চ কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

সার্চ কমিটিতে আছেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরী ও নজরুল ইসলাম।

এর আগে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়। বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন।

বিক্ষোভের এক পর্যায়ে তারা বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। এ সময় তিনি একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং তাতে স্বাক্ষর করেন।

এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান। এ সময় নীতি উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের পদত্যাগ করেছেন। এ ছাড়া বের করে দেওয়া হয়েছে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস। আগে টের পেয়ে ব্যাংকে আসেননি আরেক ডেপুটি গভর্নর খোরশেদ আলম। তবে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে ডেপুটি গভর্নর-২ নূরুন নাহারকে দায়িত্বে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। নতুন গভর্নর দায়িত্ব গ্রহণের পর তিনিও পদত্যাগ করবেন বলে আশ্বাস নেয় তারা।