লোকার্নো উৎসবে বিশেষ সম্মাননায় ভূষিত শাহরুখ

সুইজারল্যান্ডে মর্যাদাপূর্ণ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অভিনয় জীবনে কৃতিত্বের পুরস্কার হিসেবে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ‘পার্দো আলা ক্যারিয়েরা’ অ্যাওয়ার্ড পেলেন তিনি।

এদিন অনুষ্ঠানে শাহরুখ খানকে দেখা গেছে কালো পোশাকে। কালো শার্ট, প্যান্ট এবং জ্যাকেট পরেছিলেন তিনি। সেই অনুষ্ঠান থেকে তার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে।

পুরস্কার নিতে মঞ্চে উঠে শাহরুখ খান বলেন, ‘এটা ভীষণ ভারী।’ তারপর সেই পুরস্কার এক পাশে রেখে অভিনেতা বলেন, ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য। আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমাকে আপন করে নিয়েছে লোকার্নোর এই শহর। এখানকার মানুষজন ভীষণ সুন্দর, সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের।’

এ সময় শাহরুখ আরও বলেন, ‘গত দুটি সন্ধ্যা ভীষণ ভালো কেটেছে আমার। তাই আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ। আমি এখানে এসে লোকার্নো ভাষা শিখছি। খুব সুন্দর দিন কাটছে। এখানকার খাবার খুব ভালো। আমার ইটালিয়ান ভাষাও উন্নত হচ্ছে, সঙ্গে রান্নাও।’