হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন, বিচারকাজ শুরু আজ

টানা কয়েক দিন বন্ধ থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এজন্য হাইকোর্টের আটটি বেঞ্চ গঠন করেছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল রবিবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির এ সংক্রান্ত নির্দেশনা দেওয়ার নোটিস প্রকাশ করা হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়, আজ সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য পাঁচটি দ্বৈত বেঞ্চ এবং তিনটি একক বেঞ্চ গঠন করা হলো।

বেঞ্চগুলো হলো বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান (রিট); বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ (দেওয়ানি); বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান (ফৌজদারি); বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা (ফৌজদারি); বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান (রিট); বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (দেওয়ানি ও ফৌজদারি); বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (কোম্পানি বেঞ্চ) এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ (দেওয়ানি)।

গত ৭ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ স্থগিত করা হয়েছিল।