সংখ্যালঘুদের নিরাপত্তায় অর্ডিন্যান্স জারির আহ্বান

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অর্ডিন্যান্স প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার শাহবাগে ধারাবাহিক বিক্ষোভ-সমাবেশ থেকে এ দাবি জানান তারা। সমাবেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন শাখার ব্যানারে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীসহ হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী নানা শ্রেণি-পেশার প্রায় হাজারখানেক মানুষ উপস্থিত ছিলেন। গত শুক্রবার থেকে ৮ দফা দাবিতে আন্দোলন করে আসছেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিস্টার নির্মল রোজারিও বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। সংখ্যালঘুদের ওপর হামলার প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে কাছে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য অর্ডিন্যান্স প্রণয়নের আহ্বান জানাই। পরে কেউ যেন সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন করার সাহস করতে না পারে। আমরা অন্যথায় আপোস করব না।