এ বছর সবগুলো টেস্ট খেলতে চান সাকিব

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেশ বিপদেই আছেন সাকিব আল হাসান। তার দেশে ফেরা নিয়েও আছে শঙ্কা। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি সুযোগ পেয়েছেন। চলতি বছরে সব মিলিয়ে ৮টি টেস্ট খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচেই সাকিব অ্যাভেইলেবল আছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আজ সোমবার বিকালে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে রওনা হবে বাংলাদেশ দল। এর আগে মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গাজী আশরাফ বললেন, ‘সাকিবের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। গত মাসেও ছিলো, এই মাসেও আছে। এটা একটা প্রক্রিয়া। তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। পারফরম্যান্স দিয়েই যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সব মিলিয়েই তিনি দলে আছেন।’

সাকিবের সঙ্গে আলোচনার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘সম্ভবত জুলাইয়ের শেষ দিকে সাকিবের সঙ্গে অনেকদিন পর আমার কথা হয়। তার খোঁজখবর নেই। ৬-৭ তারিখের দিকে আবার কথা হয়। জিম্বাবুয়ে সিরিজের  সময় তার সঙ্গে আমাদের সভা হয়েছিলো। কারণ সামনে অনেকগুলো টেস্ট, সেখানে তাকে পাওয়া নিয়ে কথা হয়েছিল। তখন তিনি আশ্বস্ত করেছিলেন। এই পরিস্থিতি আবার আমাকে এটা জানতে হয়েছে। শুধু ফোন না, ই-মেইলও আদান প্রদান হয়েছে তিনি অ্যাভেইলেবল থাকবেন কিনা। অ্যাভেইলেবলের পাশাপাশি প্রত্যেক সিরিজের আগে যে অনুশীলন সেশন হয় সেখানে তিনি থাকবেন কিনা সেটাও জানার বিষয় ছিল।’

দেশের সেরা অল-রাউন্ডার সব টেস্টে খেলার নিশ্চয়তা দিয়েছেন বলে জানালেন গাজী আশরাফ, ‘৮টি টেস্ট ম্যাচ হবে যেটা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ হবে ডিসেম্বরে। সবগুলোতেই তিনি অ্যাভেইলেবল থাকবেন। এবং তিনি নিয়মিত অনুশীলন সেশনেও থাকবেন। হ্যাঁ, অনুশীলন সেশনে সব খেলোয়াড়, বিদেশি কর্মকর্তাদের নিরাপত্তা ইস্যু থাকে। এটা নিশ্চিত করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে আমরাও ভেবেছি, অনেক ইস্যু ছিলো। খেলার বাইরে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার নির্বাচন হয়েছে তার খেলার মেধার ক্ষেত্রে। তার মেধার জায়গাটাকে সমুন্নত রেখেছি। আগামীতেও আমি মনে করি মেধাটাকে গুরুত্ব দিতে পারব।’