পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায় একটি বিশাল আবর্জনার স্তূপে ভূমিধসের পর অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর উদ্ধারকারীরা ধসের স্থান থেকে বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে বর্জ্য খনন চালিয়ে যাচ্ছেন।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কাম্পালার মেয়র এরিয়াস লুকওয়াগো বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি একটি বিপর্যয়কর ঘটনা এবং ধারণা করা হচ্ছে ধসের স্থানে আরও অনেকে চাপা পরে আছেন।"
পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো বলেছেন, "যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হব যে আর কেউ আটকা পড়ে নেই, ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।"
কাম্পালা পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো রোববার এএফপিকে বলেছেন, ভূমিধসের ঘটনার পর ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে আবর্জনার তৈরি বিশাল পাহাড় ধসে পড়ে। এর ফলে আশপাশের বাড়িঘরের বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়েন।
এই ঘটনায় প্রায় ১০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে ওনিয়াঙ্গো। অবশ্য কতজন লোক ওই স্থানে বাস করছিলেন বা তার কাছাকাছি এলাকায় বাস করছিলেন কি না তা তিনি উল্লেখ করেননি।
প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি কীভাবে ‘সম্ভাব্য বিপজ্জনক স্তূপের’ কাছাকাছি মানুষকে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল তা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এটিকে ‘বিপজ্জনক অঞ্চল’ বলে অভিহিত করে লোকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
শহর কর্তৃপক্ষ অনেক বছর ধরে আবর্জনার জন্য একটি নতুন স্থান খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানা গেছে।