মারা গেছেন ‘কোক স্টুডিও’ খ্যাত পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম। রবিবার (১১ আগস্ট) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে ইনস্টাগ্রামে জেব ওরফে জেব বঙ্গশ এই খবর নিশ্চিত করেছেন।
হানিয়া ছিলেন জেবের চাচাতো বোন এবং একইসঙ্গে তারা অনেক জাদুকরী সুর তৈরি করেছিল। বিশেষ করে কোক স্টুডিও পাকিস্তানে তাদের গান মুগ্ধ করেছিল সকলকে। শো থেকে এই জুটির হিট গানের মধ্যে জনপ্রিয় ছিল ‘চল দিয়া’ গানটি।
সোমবার সকালে জেব ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে লেখেন, ‘হানিনি’। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে গিয়ে সমবেদনা জানিয়ে লিখেন, ‘তিনি সর্বদা খুব মিষ্টি এবং উজ্জ্বল প্রতিভা সম্পন্ন ছিলেন। আপনার ক্ষতির জন্য খুব দুঃখিত এবং প্রার্থনা করি এই কঠিন সময়ে আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে শক্তি দিক।’
অপর একজন লেখেন, ‘কী এক অপরিমেয় ক্ষতি! তিনি খুব প্রতিভাবান ছিলেন। আল্লাহ তার আত্মাকে চিরশান্তি দান করুন এবং আপনাকে এবং পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দৃঢ়ভাবে দান করুন’।
আরেকজন অনুরাগী হানিয়ার মৃত্যুর খবরে শোকাহত হয়ে লেখেন, ‘তোমার প্রতি আমার সমস্ত ভালোবাসা। আপনার নাম চিরকাল আমার জন্য সঙ্গীত এবং স্মৃতিতে জড়িয়ে আছে। এত্ত ভালবাসা’।
হানিয়া আসলামের জন্ম করাচিতে। ইউলিন ম্যাগাজিনের মতে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। তিনি কানাডায় তার অডিও ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (AED) সম্পন্ন করেছেন। ‘আমি নিশ্চিত নই যে আমি সঙ্গীত অনুসরণ করতে শুরু করেছি নাকি সঙ্গীত আমাকে অনুসরণ করতে শুরু করেছে!’, ২০২০ সালে তিনি একটি সাক্ষাৎকারে আউটলেটকে বলেছিলেন।
সূত্র: টাইমস নাউ