বগুড়ার আদমদীঘিতে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে রহিম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে শাস্তি ও অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার সচেতন নাগরিক, অভিভাবক ও কলেজের শিক্ষার্থীদের ব্যানারে বগুড়া-নওগাঁ মহাসড়কে ১০ দফা দাবিতে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে কলেজ গভার্নিং বডির সদস্য আয়েন উদ্দীন মন্ডল বলেন, অধ্যক্ষ আব্দুর রহমান নারী কেলেঙ্কারিতে জড়িত। উনি কলেজে অনেক দুর্নীতি করেছেন, টাকা নিয়েও দুর্নীতি করেছেন। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই।
অন্য বক্তারা বলেন, অধ্যক্ষ আব্দুর রহমান একজন স্বেচ্ছাচারি ও দুর্নীতিবাজ। অধ্যক্ষ পদে তার নিয়োগ সম্পূর্ণ বেআইনি। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ নিয়োগ নিয়েছেন। এ নিয়ে তার বিরুদ্ধে বগুড়া জেলা সহকারী জজ আদালতে (সারিয়াকান্দি) মামলা চলমান। মামলা গোপন রেখে তিনি বেতন ভাতা গ্রহণ করেছেন। কলেজে অপ্রয়োজনীয় বিভাগ খুলে বিধি বহির্ভূতভাবে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন।
তারা আরও বলেন, আব্দুর রহমান অধ্যক্ষ হওয়ার আগে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ওই সময় তিনি কলেজের বিভিন্ন কাগজপত্র চুরি করেছিলেন এবং সেটিরও মামলা হয়েছিল। এছাড়াও নারী কেলেঙ্কারির কারণে গত ২৮ অক্টোবর ২০২২ সালে নিজ গ্রামে গাছের সাথে ঝুলিয়ে গ্রামবাসীরা তাকে মেরেছিল।