বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে বিদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার ছেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সেই সঙ্গে দেশে বসেও একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে, বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা। তাদের রুখে দিতে হবে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর পুরান ঢাকার ইসলাম বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়সভায় শেষে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, শেখ হাসিনার পতন হলেও তার দোসররা নানা রকম চক্রান্তে লিপ্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে।
এ সময় ইশরাক হোসেন বলেন, আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য। আর আপনাদের সঙ্গে নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য।
ইশরাক হোসেন আরো বলেন, দীর্ঘ ১৫ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশ রক্ষায় নিজেদের ত্যাগকে একটি আধুনিক ও উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে। বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে নিজেদের লোভ-হিংসা পরিত্যাগ করতে হবে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল। দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি নেতাদের দায়িত্ব পালনের আহ্বান করছি।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, একটা গোষ্ঠী আজকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এই এলাকাবাসীর সার্বিক নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীদের পাশে থাকারও নের্দেশনা দেন তিনি।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর হাসান রবিনও বক্তব্য রাখেন। এসময় স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন।