‘ঘাপটি মেরে থাকা আ.লীগের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে’

ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মারা সারাদেশে ধ্বংসাত্মক কার্যক্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছে। আমাদের এই যাত্রার পথ মসৃণ নয়। আন্দোলনের মাধ্যমে যে বিজয় এনেছে ছাত্র-জনতা তা নস্যাৎ করার জন্য প্রশাসন, বিচার বিভাগ বা বিভিন্ন বাহিনীতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মারা ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে।

সোমবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নেত্রকোণা সদর উপজেলার শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) মাজার জিয়ারতে এসে তিনি এসব কথা বলেন।

গত ৫ আগস্ট শেখ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর হয়েছে। এসব হামলা-ভাঙচুরের সঙ্গে বিএনপি ও এর কোনো অঙ্গ-সহযোগী সংগঠন জড়িত নয় বলে দাবি করেন ইমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসা বা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। ষড়যন্ত্রের অংশ হিসেবে সারাদেশে ধ্বংসাত্মক কার্যকলাপ করছে। চাঁদাবাজি বা সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী তারা (আওয়ামী লীগ) প্রচার করছে। এগুলো করে আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

আওয়ামী লীগ আবারও স্বৈরাচার সরকারকে নিয়ে আসতে চায় উল্লেখ করে তিনি বলেন, কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা সেটা আর ফেরত আনতে দিবে না।

এর আগে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইমরান সালেহ প্রিন্স ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া কলমাকান্দার আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে যান। পরে বিকালে নেত্রকোণার সদরের নিহত রমজানের বাড়িতে যান তিনি।