গত ২৮ জুলাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণার পর থেকেই ইত্তপ্ত অবস্থা বিরাজ করছে দক্ষিণ আমেরিকার দেশটিতে। এই নির্বাচনে নিজেদের জয় দাবি করেছেন বিরোধীরা। এই দাবির প্রতি সমর্থন চেয়ে বিশ্বজুড়ে আগামী ১৭ আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীরা। সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ জুলাই দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে নিজেদের জয়ী দাবি করেন বিরোধীরা। এই দাবির প্রতি সমর্থন চেয়ে রোববার (১১ আগস্ট) দেশটির বিরোধীরা বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট হন।
তবে নির্বাচনের ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাদের দাবি, মাদুরোর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। জনসমক্ষে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আসছেন বিরোধীরা।
বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। এতে বলা হয়, আগামী শনিবার (১৭ আগস্ট) তারা ভেনেজুয়েলাসহ সারা বিশ্বের সড়কে নেমে বিক্ষোভ করবেন। বিরোধী এ দুই নেতা এক সপ্তাহের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন।
মারিয়া বলেন, ‘চলুন একসঙ্গে আওয়াজ তুলি, যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে। সত্য ও জনপ্রিয় সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।’ অন্যদিকে গঞ্জালেজ উরুতিয়া পৃথকভাবে বলেন, ‘আমরা জিতেছি। ভেনেজুয়েলা জিতেছে। দেখা হচ্ছে ১৭ আগস্ট।’