মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলছে

সারা দেশের বিভিন্ন রুটে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে । মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিভিন্ন রুটে চালু হয়েছে মেইল ও লোকাল ট্রেন চলাচল। তবে বন্ধ রয়েছে আন্তঃনগর ট্রেন চলাচল। আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে ।

ময়মনসিংহ থেকে বিভিন্ন রোডের ট্রেন চলাচল শুরু হয়। সকাল ৬টায় ময়মনসিংহ স্টেশন থেকে নেত্রকোনার উদ্দেশ্যে লোকাল ট্রেন যাত্রা শুরু করে ।  

এদিকে মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৬টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস এবং সোয়া ৬টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল চলাচল শুরু হয়। তবে ট্রেনে যাত্রী সংখ্যা তুলনামুলক কম ছিল।

লালমনিরহাটেও স্বল্প দুরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেনগুলো চলাচল শুরু করেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে লালমনিরহাট থেকে টোয়েন্টি ডাউন ট্রেনটি সান্তাহার অভিমুখে ছেড়ে যায়। সকাল পৌঁনে ৭টায় লালমনিরহাট থেকে বিরল-পারবতীপুরগামী সিক্সটি ফোর ডাউন ট্রেন চলাচল শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ ১১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১২ আগস্ট বিকেল ৫টা থেকে ।ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।