পরের ম্যাচেও মেসিকে পাচ্ছে না মায়ামি

যে লিগস কাপ দিয়ে ইন্টার মায়ামিতে যাত্রা শুরু হয়েছিল লিওনেল মেসির, সেই লিগে এবার তাকে ছাড়াই শেষ ষোলোয় উঠেছে দলটি। আগামী মঙ্গলবার কলম্বাস ক্রুর বিপক্ষে তাদের ম্যাচটি। কিন্তু সেদিনও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পাচ্ছে না মায়ামি।

মায়ামির কোচ জেরার্দো মার্তিনো গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি।

কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে চোট পান মেসি। ম্যাচ শেষের আগেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন অধিনায়ককে। সেই থেকেই মাঠের বাইরে মেসি। এখনো ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে অনুশীলন পর্যন্ত শুরু করতে পারেননি তিনি।

লিগস কাপে যুক্তরাষ্ট্রের এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলো অংশ নেয়। গত বছর যুক্তরাষ্ট্রে গিয়েই ইন্টার মায়ামিকে লিগস কাপ জিতিয়েছেন মেসি। কাল মায়ামি-কলম্বাস ম্যাচে যে দল জিতবে, তারা উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। গত বছর মায়ামিকে লিগস কাপ জেতানোর পথে ১০ গোল করেছিলেন মেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন সর্বকালের অন্য সেরা এই ফুটবলার।