সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে তাকে ঘন ঘন দেখা যাওয়ায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইদানীং। বরাবরই প্রেমের কথা অস্বীকার করেছেন শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারি। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে ইব্রাহিম ও পলককে। তবে ক্যামেরা দেখলেই এড়িয়ে যান তারা।
গত বছর বলিউডে অভিষেক হয় পলকের। অন্য দিকে, ইব্রাহিমের বলিউডে অভিষেকের প্রস্তুতি চলছে জোরকদমে। কিছু দিন আগেই ইব্রাহিমের মা অমৃতা সিং ও বোন সারা আলি খানের সঙ্গে গোয়া ঘুরতে যান বলেই জল্পনা। তবে মেয়ের প্রেমের খবর কি রাখেন শ্বেতা?
চলতি বছরেই নববর্ষের রাতে একটি পার্টি থেকে বেরিয়ে একই গাড়িতে উঠতে দেখা যায় ইব্রাহিম-পলককে। কিন্তু, আলোকচিত্রীদের দেখে পোশাক দিয়ে নিজের মুখ আড়াল করার চেষ্টা করেন ইব্রাহিম। অন্য দিকে, ক্যামেরা থেকে মুখ ঘুরিয়ে নেন পলক। অতীতেও বেশ কয়েক বার ইব্রাহিমের গাড়িতে তাকে দেখা মাত্রই মুখ লুকিয়ে নিয়েছিলেন অভিনেত্রী।
এবার মেয়ের প্রেম জীবন প্রসঙ্গে পলকের মা শ্বেতা বলেন, ‘‘আমার মেয়ে এখন বাচ্চা। প্রতিদিন ওকে কোনও না কোনও ছেলের সঙ্গে জুড়ে দেওয়া হয়। ও পাত্তা দেয় না এই বিষয়গুলিকে। তবে এভাবে কতদিন চলবে আমি জানি না। আমার অবশ্য কিছু এসে যায় না। আমি বরং এগুলো নিয়ে হাসাহাসি করি।’’