সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান ড. ইউনূসের

দেশের মানুষ অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এর আগে হঠাৎ করেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান তিনি। দুপুর সোয়া ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।

তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাতে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ হিসেবে নই, মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সবার। সব সমস্যার মূল আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি, সব কিছু কিন্তু পচে গেছে। এই কারণেই গোলমাল হচ্ছে । এই জনই আমাদের আগে প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো ঠিক করতে হবে।”

দেশের সংবিধানে সবাই সমান উল্লেখ করে ড. ইউনূস বলেন, “ন্যায়বিচার হলে কেউ বিচার পাবে না কেন, আইনে কি বলা আছে এই সম্প্রদায়ের হলে এই আদালতে যাবে, ওই সম্প্রদায়ের হলে ওই আদালতে যাবে? আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে এর রকম একটা, ওর রকম একটা। এটা হতে পারে না।”

ড. ইউনূস আরও বলেন,” আপনারা যদি বলেন, আমাদের সংখ্যালঘু হিসেবে এটা বলছে, এটা হল মূল সমস্যা। এখান থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের বলতে হবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সেটা হলে আমাদের বাক-স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য।”