কেন্দ্রীয় কারাগারে ‍গুলিবিদ্ধ কারাবন্দির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলিবিদ্ধ হওয়া জাবেদ (২৩) নামে এক কারাবন্দি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বন্দির মরদেহ মর্গে রাখা হয়েছে। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছিল।

হাসপাতালে জাবেদের বড় ভাই মো. মাইনুদ্দিন জানান, গত ৬ আগষ্ট কারাগারের ভেতরে আসামিরা বিক্ষোভ করেছিল। তখন জাবেদ গুলিবিদ্ধ হন। সেদিনই রক্তাক্ত অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেছিলেন।

তিনি আরও জানান, তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খাড়কি গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর নবীনগর হাউজিং ১৩ নম্বর রোডে থাকতেন। চন্দ্রিমা উদ্যানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। চুরি ও ছিনতাই মামলায় গত এক মাস আগে কারাগারে যান তিনি।