ঢাকা দক্ষিণের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিন।
তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙ্গিয়ে পাড়া-মহল্লায়, বাসা বাড়ি কলকারখানা ভাঙচুর করছে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। গণতন্ত্রের এ অর্জনকে বিনষ্ট করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এ অপতৎপরতাকারীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দিতে হবে।
ইশরাক বলেন, আমাদের আরও কিছু কাজ রয়েছে। বাংলাদেশকে একটি সুষ্ঠু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব সেটা আমাদের করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা থেমে নেই। যারা বাকশাল কায়েমকারী গোটা জাতির গলায় ফাঁসির দড়ি পরিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। এখন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের আরও কিছু কাজ করতে হবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে বিএনপি নেতৃবৃন্দের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সবুজবাগ থানাধীন বাসাবো বৌদ্ধমন্দির পরিদর্শন ও ধর্মগুরুদের সাথে মতবিনিময়কালে ইশরাক হোসেন এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাধারণ সম্পাদক অব: ডিআইজি পি,আর বড়ুয়া, সহ-সভাপতি সূরুপানন্দ ভান্তে, রনজিৎ বড়ুয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য শুশিল বড়ুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক পার্থ প্রতিম বড়ুয়া অপু, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম আহ্বায়ক ইন্দ্রজিৎ বড়ুয়া ইশু, সদস্য সচিব মিল্টন বড়ুয়াসহ প্রমূখ।