৪ দাবিতে ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

দেশের সকল মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানদের আজকের মধ্যেই অপসারণ ও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার আমলাদের সুযোগের সমতা নিশ্চিতসহ ৪ দফা দাবিতে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবিতে সপ্তাহব্যপী ‘রেজিস্ট্যান্স উইকে’র অংশ হিসেবে এই জমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে, ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে সমাবেশে রূপ নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে পুনরায় ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু ছাত্র-জনতা কখনোই সেটা বাস্তবায়ন করতে দিবে না। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই, দেশের গুরুত্বপূর্ণ স্থানে যত আমলা ও কমিশনের প্রধান ও হাসিনার দোসর রয়েছে তাদেরকে আজকের মধ্যেই পদত্যাগ করতে হবে। তাছাড়া যারা দীর্ঘদিন ধরে অবহেলিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন তাদেরকে যোগ্য স্থানে পদায়ন করতে হবে।

তাদের দাবিগুলো হলো— ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে শেখ হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে;  সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনা; প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করা।