সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল ইসলাম।
মাইনুল হাসান আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌ পথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।