ছাত্রলীগ নেতাকে মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগ নেতাকে বেধড়ক মারধর করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একজনকে মারধরের পর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করায়।

জানা যায়, সরকার পতনের পর থেকে ক্যাম্পাস ছেড়ে দেয় শেকৃবি শাখা ছাত্রলীগ নেতারা। গত ১২ আগস্ট শিক্ষার্থীরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ও বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থানকারী নেতাদের রুম থেকে তাদের বিছানা ও জিনিসপত্র বের করে দেয়। এ সময় তাদের রুমে বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য পাওয়া যায়।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ক্যাম্পাসের পাশে চায়ের দোকানে শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা আলতাবুর রহমানকে ধরে। শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনের সময় আলতাবুরকে সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করতে দেখা যায়।

এছাড়া আরেক সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার তারিখ রহমান রুদ্র এবং বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সাবেক ছাত্রলীগ সভাপতি উজ্জ্বল হোসেনকে গণধোলাই দেয় শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের সাবেক সহসভাপতি ও ছাত্রলীগ নেতা রাহাত মোল্লাকে মারধর করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

দিনব্যাপী এসব ঘটনার পর সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের শেকৃবির সমন্বয়কদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়। তাতে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর থেকে ক্যাম্পাসে এক দল স্বার্থেন্বেষী গোষ্ঠী তাদের ব্যক্তিগত আক্রোশ ও উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। যার দায় কোনোভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেবে না।