স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে নিতে চায় আন্তঃশিক্ষা বোর্ড

স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেয়ার বিষয়ে মতামত চেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার মঙ্গলবার বাসসকে এই তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজ সন্ধ্যায় এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাই এবং ১ ও ৪ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে স্থগিত পরীক্ষাগুলো সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন–সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি গতকাল রোববার প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়। এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষার সময়সূচি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।