জার্মান নাট্যকার ও কবি বের্টল্ট ব্রেখট ১৮৯৮ সালের ১০ ফেব্রুয়ারি জার্মানির বায়ার্ন রাজ্যে জন্মগ্রহণ করেন। জীবনের প্রথম ২৫ বছর তিনি সেখানেই কাটান। তার প্রথমদিককার সাহিত্য এখানেই প্রকাশিত হয়। ১৯১৭ থেকে ১৯২১ সাল পর্যন্ত ব্রেখট মিউনিখে চিকিৎসাবিদ্যার ওপর পড়াশোনা করেন, কিন্তু তার ঝোঁক ছিল সাহিত্যের দিকে। ভাইমার প্রজাতন্ত্রের যুগে তিনি মিউনিখে নাট্যকার হিসেবে প্রথম সাফল্য অর্জন করেন এবং ১৯২৪ সালে বার্লিনে চলে যান। সেখানে তিনি কার্ট ভাইলের সঙ্গে দ্য থ্রিপেনি অপেরা লেখেন এবং সুরকার হ্যান্স আইসলারের সঙ্গে সহযোগ শুরু করেন। এই কালপর্বে মার্ক্সবাদী চিন্তায় নিমগ্ন ব্রেখট নৈতিকতামূলক লের্সটুক লেখেন এবং মহাকাব্যিক নাট্যকলা (যেটাকে তিনি পরবর্তী সময়ে দ্বান্দ্বিক নাট্যকলা নামে অবিহিত করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন) ও তথাকথিত ভি-ইফেক্টের শীর্ষস্থানীয় তাত্ত্বিকে পরিণত হন। নাৎসি আমলে তিনি নির্বাসিত জীবন কাটান। ১৯৩৩ সালে, রাইখশ্টাগে আগুন লাগার একদিন পর ব্রেখট সপরিবারে জার্মানি ত্যাগ করেন। প্রথমে প্রাগ শহরে ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। ১৯৪৫-১৯৪৭ সালে তিনি হলিউডে কাজ করেন। ১৯৪৭ সালে মার্কিন-সোভিয়েত রাশিয়া ঠা-া যুদ্ধের জেরে ব্রেখটকে অন্যান্য অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গে মার্ক্সবাদী সাম্যবাদী সন্দেহে জেরা করা হয়। জেরার পরপরই একই দিনে, ৩০ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। ১৯৪৯ সালে ব্রেখট জুরিখ ছেড়ে পূর্ব বার্লিনে চলে আসেন। পূর্ব বার্লিনে ফিরে এসে তিনি তার স্ত্রী এবং দীর্ঘকালীন সহযোগী অভিনেত্রী হেলেন ভেইগেলের সঙ্গে নাট্য সংস্থা ‘বার্লিনার এনসেম্বল’ প্রতিষ্ঠা করেন। সেখানেই ১৯৫৬ সালের ১৪ আগস্ট ব্রেখট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।